
বিশেষ প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে গুলি করে হত্যার অভিযোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর চন্দ্র সরকারকে (৩৫) আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় তার বন্ধু তারাইরুলের বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোর চন্দ্র সরকার তার বন্ধু মো. শহিদকে গুলি করে হত্যা করেন। অপর বন্ধু মঈদ উদ্দিনকে গুলিতে আহত করে রাতেই পালিয়ে আশুলিয়া এলাকায় তার বন্ধুর বাসায় চলে যান। পরে পুলিশের কয়েকটি টিম তাকে আটক করার জন্য রাত থেকেই অভিযান পরিচালনা করে। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় কিশোরের এক বন্ধুর বাসা থেকে তাকে আটক করে। তাকে কালিয়াকৈর থানা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আটককালে কিশোর চন্দ্র সরকারের কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
