ঘরে তৈরী করুন বৈশাখের ভর্তা

দেশবাংলা ডেস্ক :

আগামীকাল মঙ্গলবার বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।চৈত্রসংক্রান্তির মাধ্যমে বাংলা বর্ষপঞ্জিতে কাল যুক্ত হবে নতুন বছর বাংলা নববর্ষ ১৪২৭।
এবার কোভিড -১৯ করোনা ভাইরাসের কারণে তা এবার সামাজিকভাবে পালন করা হচ্ছে না। জনসমাগম এড়িয়ে চলার কারণে সকল আয়োজন স্থগিত করা হয়েছে।আমরা নিজ নিজ ঘরে থেকে পহেলা বৈশাখ পালন করব। জনসমাগম করব না। আমরা নিজের পরিবারের সাথে পহেলা বৈশাখ পালন করব।

রোববার (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নববর্ষের কোনো অনুষ্ঠান করা যাবে না।আপনারা ঘরে বসে উৎসব করুন, রেডিও টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেন বা নিজেদের পরিবার নিয়ে উৎসব করেন। কিন্তু কোনোভাবেই কোনো ধরনের লোকসমাগম করবেন না।

সহজে ভর্তা তৈরির রেসিপিগুলো জেনে নিন:
আলু ভর্তা
আলু আধা কেজি সিদ্ধ করে চটকে নিন। এবার পাত্রে ২ টেবিল চামচ তেল দিয়ে শুকনা মরিচ ভেজে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ বাদামী রং হলে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে চটকে আলু দিন এবার ধনেপাতা কুঁচি দিয়ে মেখে ভর্তা বানিয়ে নিন।
কালিজিরা ভর্তা
কালিজিরার আধা কাপ, রসুনের কোয়া ২ টেবিল-চামচ, কাঁচামরিচ ৮টি, পেঁয়াজ কুঁচি ৪ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ২ টেবিল-চামচ।
রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কাঠখোলায় টেলে নিতে হবে। তেল বাদে সব উপকরণ পাটায় বেটে তেল দিয়ে মেখে ভর্তা করুন।
বেগুন ভর্তা
উপকরণ: বড় গোলবেগুন ১টি, সরিষা বাটা ১ চা চামচ, নারকেল মিহি বাটা ২ চা চামচ, টমেটো কুঁচি১ কাপ, পেঁয়াজ কুঁচি আধা কাপ, মেথি আধা কাপ, রাধুনী সরিষার তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালী: বেগুনের গায়ে তেল মাখিয়ে পুড়িয়ে নিন। এবার পানিতে রেখে খোসা ছাড়িয়ে মেখে নিন। কড়াইয়ে তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ একটু নরম হলে টমেটো সরিষা, নারকেল, কাঁচামরিচ ও লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে বেগুন দিন। কড়াইয়ের তলা ছেড়ে এলে এবং একটু আঠালো হলে নামিয়ে নিতে হবে।
সরিষা ভর্তা
উপরকণ: লাল সরিষা ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ১টি, লবণ পরিমাণমতো।
প্রণালী: সরিষা ভালো করে বেছে ধুয়ে কাঁচামরিচ এবং লবণ দিয়ে শিলপাটায় বেটে নিন।
কাচঁকি মাছ ভর্তা
উপকরণ: কাচঁকি মাছ এক কাপ, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, রসুন কুচি ২ চা চামচ, কাঁচামরিচ ৪টি, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালী: কাচঁকি মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। কাচঁকি মাছ, পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, কাঁচামরিচ অল্প তেলে কড়াইতে হালকাভাবে ভাজুন। ভাজা হলে লবণ ও ধনেপাতা দিয়ে পাটায় বেটে ভর্তা তৈরি করুন।
ছুরি শুঁটকি ভর্তা
উপকরণ: ছুরি শুঁটকি ছোট করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুঁচি ২ কাপ, শুকনা মরিচের গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, তেল আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ১টি, কাঁচামরিচ চার টুকরা করে কাটা ৬টি।
প্রণালী: শুঁটকি ভালো করে ধুয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে। তেল গরম করে আদা-রসুন দিয়ে ভালো করে ভুনে শুঁটকি দিয়ে ভুনতে হবে। হলুদ, ধনে, মরিচের গুঁড়া, তেজপাতা, লবণ দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট ভুনে পেঁয়াজ দিয়ে ভুনতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে চিনি, লেবুর রস, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।
পেঁয়াজ টমেটোর টক ঝাল ভর্তা
উপকরণ:পেঁয়াজকুচি ১/২ কাপ, টমেটোকুচি ১টা, ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ, সবুজ মরিচকুচি ৩টা, আচারের তেল ৩ টেবিল চামচ, চাট মাসালা ১ চিমটি, লবণ স্বাদমতো।
প্রণালি:সব উপাদান ভালো করে হাত দিয়ে মেখে পরিবেশন করো।
পাঁচমিশালি ডালের ভর্তা
উপাদান;মসুর ডাল ১/৪ কাপ, মুগের ডাল ১/৪ কাপ, বুটের ডাল ১/৪ কাপ, কালাইয়ের ডাল ১/৪ কাপ, খেসারির ডাল ১/৪ কাপ, হলুদ ১/২ চা চামচ, সবুজ মরিচকুচি ৩টি, ধনেপাতাকুচি সিকি কাপ, সরিষার তেল ১/৪ কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি:সবগুলা ডাল আলাদা করে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখন ডালগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন তেল গরম করে তাতে সব ডাল দিয়ে ভাজি আর বাকি উপাদান দিয়ে তিন মিনিটের মতো রেখে নামাও।
শিমের ভর্তা
উপাদান:শিম ২৫০ গ্রাম, সবুজ মরিচ ২টা, রসুন আস্ত ২টা, ধনেপাতাকুচি ১/২ কাপ, আস্ত পেঁয়াজ ১টা, লবণ স্বাদমতো।
প্রণালি:সরিষার তেল সিকি কাপ ও লবণ দিয়ে শিম সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে আস্ত সবুজ মরিচ, রসুন, পেঁয়াজ সব টেলে নিতে হবে। এখন বিচি সেদ্ধ হয়ে গেলে সব উপাদান একসঙ্গে বেটে অল্প ধনেপাতাকুচি দিয়ে মাখিয়ে পরিবেশন করো।
বেগুন আর চিংড়ির ভর্তা
উপাদান:তাল বেগুন ১টি, গুঁড়া চিংড়ি ১/২ কাপ, সবুজ মরিচ ২টা, রসুন আস্ত ২টা, ধনেপাতাকুচি ১/২ কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি:সরিষার তেল সিকি কাপ বেগুনের গায়ে লাগিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এখন চিংড়িগুলো টেলে নেব। বাকি সব উপাদান টেলে একসঙ্গে ভালো করে মাখিয়ে পরিবেশন করো।
লইট্টা শুঁটকি ও চ্যাপা শুঁটকির ভর্তা
উপাদান:লইট্টা শুঁটকি ২৫০ গ্রাম, চ্যাপা শুঁটকি ২৫০ গ্রাম, হলুদগুঁড়া ১ চা চামচ, সবুজ মরিচ ৪টা, রসুন আস্ত সিকি কাপ, ধনেপাতাকুচি ১/২ কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি:সরিষার তেল সিকি কাপ, দুই ধরনের শুঁটকি ভালো করে টেলে নিয়ে গরম পানি, হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কাঁটা বেছে আলাদা করে রাখো। অন্যদিকে বাকি সব উপাদান টলে একসঙ্গে ভালো করে মাখিয়ে বেটে মিহি করে পরিবেশন করো।
মাংসের ভর্তা
উপাদান;সেদ্ধ মাংসের কিমা ১ কাপ, ধনেপাতাকুচি সিকি কাপ, সবুজ মরিচকুচি ১টি, লবণ স্বাদমতো, ক্যাপসিকামকুচি ২ টেবিল চামচ, পুদিনা পাতাকুচি ১ টেবিল চামচ, আচারের তেল ২ টেবিল চামচ।
প্রণালি:সব উপাদান ভালো করে মাখিয়ে পরিবেশন করো।
ইলিশ মাছের ভর্তা
উপাদান:সেদ্ধ ইলিশ মাছ ১ কাপ, , হলুদ ১ চা চামচ, ধনেপাতাকুচি সিকি কাপ, সবুজ মরিচকুচি ১টি, লবণ স্বাদমতো, পুদিনাপাতাকুচি ১ টেবিল চামচ, আচারের তেল ২ টেবিল চামচ।
প্রণালি:মাছগুলো আলাদা করে হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কাঁটা বেছে আলাদা করে রাখি। অন্যদিকে বাকি সব উপাদান টেলে একসঙ্গে ভালো করে মাখিয়ে, বেটে মিহি করে পরিবেশন করো।
কচুর ভর্তা
উপাদান:সেদ্ধ কচু ১ কাপ, সবুজ মরিচ ২টা, রসুন আস্ত ২টি, ধনেপাতাকুচি ১/২ কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি:মরিচ, রসুন, ধনেপাতা টেলে সরিষার তেল দিয়ে বেটে তাতে সেদ্ধ কচু মাখিয়ে পরিবেশন করো।
চিংড়ির আচারি ভর্তা
উপাদান:সেদ্ধ চিংড়ি ১২টা, পেঁয়াজকুচি ১/২ কাপ, টমেটোকুচি ১/৪ কাপ, সবুজ মরিচ ২টি, ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ, আচারের তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি:সেদ্ধ করা চিংড়ির সঙ্গে সব উপাদান মিশিয়ে হাত দিয়ে আধা ভাঙা করে মাখিয়ে পরিবেশন করো।
কাঁচা আমের ভর্তা
উপাদান:কাঁচা আম ২টা, গুড় স্বাদমতো, তেল সিকি কাপ, পানি ১ কাপ, শুকনা মরিচ ২টা।
প্রণালি:তেল গরম করে চাক চাক করে কাটা আম কেটে ভাজো। পানি আর গুড় দিয়ে সেদ্ধ করে নামাও। শুকনা মরিচ ফোড়ন দিয়ে আম্বলে নামাও।

দেশবাংলাবিডি২৪/তা/