করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, খাটিয়া না দেয়ায় মাটিতে রেখে জানাজা

দেশবাংলা ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খানজাপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। রোববার সকালে গ্রামবাসী মসজিদের খাটিয়া না দেয়ায় মরদেহ মাটিতে রেখে জানাজা পড়ানো হয়।
চিকিৎসকেরা বলছেন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মৃতের জানাজা পড়ালেন ইউএনও, ভয়ে ইমাম মাওলানা আসেননি
ঝিনাইদহে ত্রাণ দিলেন এমপি-ইউএনও, কেড়ে নিলেন যুবলীগ নেতা
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তিনি দরজির কাজ করে সংসার চালাতেন। তার তিন মেয়ে ও এক ছেলে। মেয়েদের একজন মারা গেছেন, অন্য একজনের বিয়ে হয়েছে। আরেক মেয়ে প্রতিবন্ধী অবস্থায় বাড়িতেই থাকেন। বর্তমানে স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও ছেলের বউ নিয়ে ছিল তার সংসার।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় ২০ দিন ধরে ওই ব্যক্তি জ্বরে ভুগছিলেন। এর মধ্যে শনিবার তার শ্বাসকষ্ট দেখা দিলে রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মৃতদেহের দাফনের ব্যবস্থা করেন কালীগঞ্জ উপজেলার ছয় আলেম। হাসপাতাল থেকেই মৃতদেহের গোসল করানো হয়। এরপর তাদের মাধ্যমে একটি সিএনজিতে মৃতদেহটি নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামে। সেখানে জানাজা পড়ানোর জন্য আলেমদের পক্ষ থেকে গ্রামের মসজিদের খাটিয়া চাওয়া হয়। কিন্তু গ্রামবাসীরা খাটিয়া দিতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে মৃতদেহ মাটিতে রেখেই জানাজা সম্পন্ন করেন তারা। গ্রামবাসী দূরে দাঁড়িয়ে দাফনের কাজ দেখেন।
মৃতদেহ দাফন করেন কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ফারুক নোমানী, মাওলানা রুহুল আমিন, হাফেজ হেদায়াতুল্লাহ, মাওলানা ইয়াসিন, মাওলানা আতাউর রহমান ও হাফেজ শাহ জালাল। এ ছয় আলেমের মধ্যে জানাজার নামাজ পড়ানো ঈমাম ফারুক নোমানী জানান, জানাজার নামাজ পড়ানোর জন্য গ্রামবাসীর কাছে মসজিদের খাটিয়া চাওয়া হয়। কিন্তু গ্রামবাসী সেটি দিতে অস্বীকৃতি জানান। পরে মরদেহ মাটিতে রেখেই জানাজার নামাজ সম্পন্ন করে লাশ দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, ওই ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় তারা সব নিয়ম মেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে লাশ গ্রামে পাঠান। সেখানে রোববার সকাল ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে।
চিকিৎসক সুলতান আহম্মেদ বলেন, পরিবারটির অন্য চার সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন জানান, হাসপাতাল থেকে মারা যাওয়ার এক ঘণ্টার মধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি।ওই ওয়ার্ডের ইউপি সদস্য জানান, মরদেহের গোসল হাসপাতাল থেকেই সম্পন্ন হয়েছে। গ্রামে নিয়ে আসার পর প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন আর ওই ব্যক্তির দুই ভাই জানাজায় অংশ নেন। তারপর লাশ দাফন করা হয়।