মগবাজারে মসজিদের ইমাম,মোহাম্মদপুর মসজিদের খাদেম করোনায় আক্রান্ত

দেশবাংলা ডেস্ক

রাজধানীর মগবাজারের একজন বাসিন্দার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি যে বাসায় থাকতেন, সেই বাসাটি এরই মধ্যে লকডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। তিনি অন্য একটি এলাকার একটি মসজিদে ইমামতি করতেন। ওই মসজিদের মুয়াজ্জিনসহ খাদেমদের কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জহুরুল ইসলাম বুধবার (৮ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জহুরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য ওই ইমামকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সংক্রমিত ব্যক্তির বাসা লকডাউনের ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার বিকেলে পরীক্ষায় জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ সময় তাকে অ্যাম্বুলেন্সে করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবী কবরস্থান রোডের জাফরাবাদ বুদ্ধিজীবী মসজিদের এক খাদেম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই খবর পাওয়ার পরই ওই মসজিদে প্রবেশ সংরক্ষিত ও মসজিদ সংলগ্ন গলি-এলাকা লকডাউন করেছে পুলিশ। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রওশানুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,মোহাম্মদপুর জাফরাবাদের একটি মসজিদের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইইডিসিআর থেকে কর্তৃপক্ষের মাধ্যমে লকডাউনের নির্দেশনা আসে।
তিনি বলেন,নির্দেশনা মোতাবেক মসজিদ সংলগ্ন সড়ক লকডাউন করা হয়েছে। ওই এলাকার মানুষকে মাইকিংয়ের মাধ্যমে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সড়কের উভয় পাশে বাঁশ দিয়ে আটকে দেয়া হয়েছে।