জুনের অস্ট্রেলিয়া সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু করোনার কারণে স্থগিত করা হলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সম্মিলিত সিদ্ধান্তে সিরিজটি স্থগিত করা হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এ দুটি টেস্ট ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আয়োজনের জন্য বিসিবি এবং সিএ একসাথে কাজ করবে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন,এটা নিঃসন্দেহে দুই দলের ক্রিকেটার এবং দর্শকদের জন্য হতাশার। তবে, বিশ্বব্যাপী কোভিড-১৯ এর ফলে সৃষ্ট বিপর্যয় এবং স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে, বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া একটি সময়োপযোগী, বাস্তব সিদ্ধান্তে একমত হয়েছে। আমরা আশা করি শিগগিরই এই অবস্থার উন্নতি ঘটবে। আর আমরা নিকট ভবিষ্যতে একটি সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজন করতে পারবো। এ লক্ষ্যে বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া এখন থেকে এক হয়ে কাজ করবে, যেমনটি অতীতে একে অপরের পাশে থেকে করেছে।