মহাসড়কে পুলিশ কঠোর অবস্থানে

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

রাজধানী প্রবেশের সব পথে চেকপোস্ট বসিয়ে ঢাকায় আসা-যাওয়া বন্ধে তৎপর রয়েছে পুলিশ সদস্যরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলে করে ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন সাধারণ মানুষ।
সোমবার (০৬ এপ্রিল) সকাল থেকে সরেজমিন ঘুরে দেখ যায়, রাজধানীর গাবতলী, আবদুল্লাপুর, সায়েদাবাদসহ সবগুলো প্রবেশ পথেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও মানুষ ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন।রাজধানীর বাইরে আশুলিয়া, হেমায়েতপুরসহ অনেক এলাকায় পোশাক কারখানা খোলা থাকায় কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিকরা ঢাকার বাইরে কর্মস্থলে যাচ্ছেন।
এদিকে যারা হেঁটে ঢাকায় প্রবেশ করছেন তাদের পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তবে যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে তাদের ফিরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে করোনার বিস্তার রোধে কেউ যেন ঢাকায় প্রবেশ এবং বের হতে না পারে সে ব্যাপারে কঠোর হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়। প্রতিটি গাড়ি থামিয়ে রাস্তায় বের হওয়ার কারণ জানার পাশাপাশি কোথায় যাওয়া হচ্ছে সে বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। পরিচয়পত্র দেখে নিশ্চিত হয়ে তারপর তাদের ঢাকায় আসতে বা বাইরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।
এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, যে গাড়িগুলো চলাচলে অনুমতি আছে সেগুলো আমরা প্রবেশ করতে দিচ্ছি। যেগুলো বিনা প্রয়োজনে রাস্তায় বের হয়েছে সেগুলো বের করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি সেবার সঙ্গে নিয়োজিতরা ছাড়া রাজধানী কেন্দ্র করে সাধারণ মানুষের আগমন-বহির্গমন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।রাতে আইজিপি এ নির্দেশনা দেন বলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা একটি গণমাধ্যমকে জানিয়েছেন।