
দেশবাংলা ডেস্ক
দেশে করোনার সংক্রমণ বাড়ছে।গত বৃহস্পতিবারের পর থেকে প্রতিদিনই দ্বিগুণ হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নতুন নতুন এলাকায় করোনা ছড়িয়ে পড়ছে।সর্বশেষ এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা থেকে বের হওয়া ও ঢাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিশেষ করে দেশের পোশাক কারখানা খুলে দেওয়ার ঘোষণায় গত শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা ও এর আশপাশে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে ফেরা শ্রমিকদের ঢল, দেশজুড়ে করোনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরে শনিবার মধ্যরাতেই কারখানা পুনরায় বন্ধের ঘোষণার ফলে এসব শ্রমিকের মাধ্যমে এসব এলাকায় রোগটি সংক্রমণের ঝুঁকি স্থায়ী হয়ে গেল।
এ নিয়ে গতকাল রবিবার অনলাইন সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তারা দুজনই এ সিদ্ধান্তের কারণে করোনার ঝুঁকি বাড়ল বলে মন্তব্য করেছেন।
করোনা সংক্রমণে দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঢাকা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে শুধু ঢাকাতেই ১২ জন। এমন অবস্থায় গতকালও দেশে করোনা আক্রান্তের আগের দিনের সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে।দেশে গত ৮ মার্চ প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এটাই ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নতুন রোগীর সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত শনিবার আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল নয়জন। একদিনের ব্যবধানে বাড়ল দ্বিগুণ সংখ্যক আক্রান্ত। করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন।সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১২৩ জন। এর মধ্যে ঢাকা জেলার ৬৪ জন।
আজ সোমবার (৬ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।
তিনি বলেন, নতুন শনাক্তের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৫ জন নারী।নুতন শনাক্তের মধ্যে ৪১-৫০ বছরের কোঠায় ১১ জন এবং ২১-৩০ বছরের কোঠায় আছেন ৬ জন। সারাদেশ শনাক্ত ১২৩ জনের মধ্যে সর্বোচ্চ ঢাকা শহর ৬৪ জন। এছাড়া নারায়ণগঞ্জে ২৩ জন এবং এরপরে মাদারীপুরে করোনায় শনাক্তের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহের মধ্যে নারায়ণগঞ্জের ১২ জন শনাক্ত হয়েছে।
এর আগে ১১ এপ্রিল পর্যন্ত সব অফিস-আদালত বন্ধ রাখার যে ঘোষণা সরকার দিয়েছিল, তা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন,ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজধানীর ২৯টি এলাকায় ইতিমধ্যেই রোগটি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বাসাবো ও মিরপুরের টোলারবাগকে ক্লাস্টার বা এলাকাভিত্তিক সংক্রমণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বাসাবোতে নয়জন ও টোলারবাগে ছয়জন আক্রান্ত হয়েছেন।
দেশের মধ্যে ঢাকাসহ ১১ জেলায় করোনার সংক্রমণ দেখা গেছে। এর মধ্যে দুই জেলা মাদারীপুর ও নারায়ণগঞ্জে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন করে। এ ছাড়া গাইবান্ধায় পাঁচজন আক্রান্ত হয়েছেন। এই তিন জেলাকে ক্লাস্টার এলাকা হিসেবে চিহ্নিত করেছে আইইডিসিআর।
নারায়ণগঞ্জ ১টি, মাদারীপুরে ১টি, গাইবান্ধায় ১টি ও রাজধানীতে ২টি ক্লাস্টারে সংক্রমণ ঘটেছে। রাজধানীতে মিরপুরের টোলারবাগ ও বাসাবোতে সামাজিকভাবে সংক্রমণ ঘটেছে। এক্ষেত্রে রাজধানীতেই সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে। অবশ্য ইতিমধ্যেই টোলারবাগ ও বাসাবোতে আক্রান্ত ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে রেখে চিকিৎসার পাশাপাশি ওই এলাকা লকডাউন করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোট আক্রান্ত ৮৮ জনের মধ্যে গতকাল পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে গতকালের সংবাদ সম্মেলনে জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৩ জনকে শনাক্ত করেছে আইইডিসিআর। বাকি ৫ জনকে শনাক্ত করেছে অন্যান্য হাসপাতাল। ২৪ ঘণ্টায় আরও ১ জন মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তি পুরুষ এবং বয়স ৫৫ বছর। তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। বর্তমানে সংক্রমণ রয়েছে ৪৬ জনের। তাদের মধ্যে ৩২ জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকি ১৪ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের লক্ষণ-উপসর্গ মৃদু।
