ত্রাণ বিতরণে গণজমায়েত বিপজ্জনক, সতর্ক করলেন কাদের

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে সংকটে থাকা নিম্ন আয়ের মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে গণজমায়েত সৃষ্টি হওয়াকে বিপজ্জনক অভিহিত করে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (৪ এপ্রিল) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে।এই প্রাণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত ১১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
মানুষকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশরত্ন শেখ হাসিনার ৩১টি নির্দেশনা মেনে আমরা সবাই একযোগে সংঘবদ্ধভাবে এই অদৃশ্য শক্তির মোকাবিলা করে চলেছি। ঘরে আমরা সুরক্ষার সামগ্রী নিয়ে সুরক্ষিত থাকবো। বাইরে অদৃশ্য শক্তি করোনা’র মোকাবিলা করতে হবে ঘরে ঘরে সুরক্ষা সামগ্রী নিয়ে দুর্গ গড়ে তুলে। আমাদের কোনো অবস্থাতেই শঙ্কিত হলে চলবে না, সতর্ক থাকতে হবে।