গণমাধ্যম কর্মীদের জন্য ২০ কোটি টাকার প্রণোদনার প্রস্তাব

দেশবাংলা ডেস্ক :

গণমাধ্যম কর্মীদের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ২০ কোটি টাকার প্যাকেজ প্রণোদনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক শেষে লিখিত প্রস্তাবটি মন্ত্রীর হাতে তুলে দেন সাংবাদিক নেতারা।
এসময় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‌বিএনপির উদ্দেশ্য সাহায্য করা নয়, সরকারের ভুল না থাকলেও ভুল খোঁজার চেষ্টা করা।
তিনি বলেন, মানুষকে সচেতন করতে এবং কেউ যাতে জনমনে গুজব-বিভ্রান্তি-আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য গণমাধ্যম ও সরকার আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে, সেবিষয়ে আলোচনায় ঐকমত্য হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকরা করোনা পরিস্থিতি মোকাবিলায় বিএনপির দেয়া জাতীয় কমিটি গঠনের প্রস্তাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী এসময় প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে বলেন,ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী লিখিতভাবে সেদেশের প্রধানমন্ত্রীকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের সঙ্গে একযোগে কাজের কথা জানিয়েছেন, কিছু পরামর্শ দিয়েছেন। বিএনপি সেটি করতে ব্যর্থ হয়েছে।
আমরা বারবার বলেছি, বিএনপি আমাদের সাথে থেকে কাজ করতে পারে, কোনো বাধা নেই, আমরা স্বাগত জানাবো, তাদের যদি কোনো পরামর্শ থাকে, তারা দিতে পারে, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এসময় মন্ত্রীর কাছে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষে কয়েক দফা দাবি সম্বলিত একটি পত্র হস্তান্তর করেন।
মন্ত্রী পত্রটি গ্রহণ করেন ও বৈশ্বিক এ দুর্যোগ, যা থেকে বাংলাদেশও মুক্ত থাকেনি, এর মধ্যে প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।