করোনা থেকে বাঁচতে ডা. এবিএম আবদুল্লাহর গুরুত্বপূর্ণ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : দেশবাংলা বিডি ২৪.কম

ডা. এবিএম আবদুল্লাহ

করোনাভাইরাস থেকে বেঁচে থাকার উপায় এবং প্রতিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

তিনি দেশবাংলা বিডি ২৪.কমকে একান্ত সাক্ষাৎকারে বলেন,কেউ আতঙ্কিত হবেন না। ভয় পাবেন না। যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদের অবস্থা ভালো আছে। তারা নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না। কারণ এই রোগে মৃত্যুহার খুব বেশি নয়। আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো যথাযথভাবে মেনে চললেই এ ভাইরাসের সংক্রমণ এড়ানো সম্ভব হবে।
করোনার লক্ষণ
জ্বর দিয়ে করোনাভাইরাসের লক্ষণ শুরু হয়। জ্বরের সঙ্গে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা থাকতে পারে। এক সপ্তাহের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সাধারণ ফ্লুর মতোই হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে।
আক্রান্ত কাউকে পাওয়া গেলে প্রথমেই তাকে অন্যূন দুই সপ্তাহ আলাদা করে রাখতে হবে, যাতে আক্রান্ত ব্যক্তি অন্যদের সংস্পর্শে না যেতে পারে। একই সঙ্গে যারা আক্রান্ত হননি, তাদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে।করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে। তবে মানুষের দেহে ভাইরাসটি সংক্রমণের পর এক থেকে ১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে।
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কিছু দিনের মধ্যে এমনিতেই সেরে ওঠেন। কিন্তু কিডনি, ডায়াবেটিস, হৃদযন্ত্র কিংবা ফুসফুসের পুরনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।
ওপরে উল্লিখিত প্রাথমিক লক্ষণগুলো কারও শরীরে দেখা দিলে হটলাইনে ফোন করতে হবে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চালু করা হটলাইন নম্বরগুলো হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫। এখানে ফোন করলে বাসা থেকে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যাবে।
করোনাভাইরাসে সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সতর্ক থাকা। সতর্কতা বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো সাধ্যমত মেনে চলার চেষ্টা করুন।
• নিয়মিত ভালোভাবে হাত ধুতে হবে।
• খাবার ভালোভাবে সিদ্ধ করে খাবেন।
• সম্ভব হলে গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকুন।
• জনসমাগম এড়িয়ে চলতে হবে।
• প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না।
• প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করতে হবে।
• টেবিল, চেয়ার, দরজার হাতল, কিবোর্ডে ভাইরাস থেকে যেতে পারে। সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। তাই এগুলো পরিষ্কার রাখতে হবে।
• কিছু খাওয়া কিংবা রান্নার আগে ভালো করে ধুয়ে নিতে হবে।
• ডিম কিংবা মাংস রান্না করার আগে ভালোভাবে সিদ্ধ করে।
• ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলা, নিয়মিত ঘর এবং কাজের জায়গা পরিষ্কার রাখা।
• অপ্রয়োজনে ঘরের দরজা-জানালা খুলে রাখা যাবে না।