
ধর্ম ডেস্ক :
পবিত্র মক্কা মুকাররমা মসজিদে হারাম এবং মদিনা মুনাওয়ারার মসজিদে নববি। মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে এবার নামাজ ও আজানের দায়িত্ব পালনে ইমাম ও মুয়াজ্জিনদের ব্যাপারে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে হারামাইন কর্তৃপক্ষ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুধু মসজিদে হারাম ও মসজিদে নববি ছাড়া সৌদি আরবের সব মসজিদে নামাজ স্থগিত করা হয়েছে। করোনায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে ইমাম এবং মুয়াজ্জিনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন হারামাইন কর্তৃপক্ষ।
জরুরি পরিস্থিতিতে হারামাইন কর্তৃপক্ষ পরামর্শের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, একাধিক ইমাম ও মুয়াজ্জিন এ অবস্থায় কাবা শরিফ ও মদিনার নামাজ এবং আজানে ইমামতি করার প্রয়োজন হবে না।
কাবা শরিফের প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি ৩ শাবান মোতাবেক ২৭ মার্চ ২০২০ শুক্রবার পরামর্শের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ও পর্যালোচনা করে এক জরুরি নির্দেশনা জারি করেন। তাতে জানা যায়-
পবিত্র নগরী মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারায় প্রতিদিন নামাজের জামাআতের জন্য একজন সম্মানিত ইমাম এবং আজানের জন্য দুজন সম্মানিত মুয়াজ্জিন দায়িত্ব পালন করবেন। নতুন নিয়মটি ৫ শাবান মোতাবেক ২৯ মার্চ রোববার থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্তের আলোকে পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে নামাজের ইমামতি দায়িত্ব পালন করবেন একজন সম্মানিত ইমাম। আজানের দায়িত্বে থাকবেন দুজন সম্মানিত মুয়াজ্জিন। এটি ঘোষণা করেন মসজিদে হারাম ও মসজিদে নববির প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি।
