
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সঙ্কটকালীন মুহূর্তে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন,এই মারাত্মক ভাইরাসের সংক্রমণের ভয়ে সারা বিশ্বে কোটি কোটি মানুষ গৃহবন্দি রয়েছেন। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। ধনী-গরিব, উন্নত-উন্নয়নশীল সব জাতিরাষ্ট্র পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একে অপরের সাহায্য সহযোগিতা নিচ্ছে।
তিনি চিকিৎসকদের আশ্বস্ত করে বলেন,চিকিৎসা সামগ্রী বিশেষ প্লেনে ঢাকায় এসে পৌঁছেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে চীন থেকে আরো চিকিৎসা সামগ্রী বাংলাদেশে পৌঁছাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এরইমধ্যে অনেকে করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী অর্থনৈতিক বৈশ্বিক মহামন্দার ভবিষ্যৎ বাণী করেছেন। আমি বিশ্বের এই সঙ্কটকালীন মুহূর্তে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আমাদের চারপাশে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।ওবায়দুল কাদের বলেন,মানব সভ্যতা আজ এক সঙ্কটের মুখোমুখি। সারা বিশ্ব আজ প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে আতঙ্কিত। প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে। পরম করুনাময়ের অসীম কৃপায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলনামূলকভাবে এখনো নিয়ন্ত্রণে রয়েছে।আমরা বাংলাদেশের চিকিৎসক-নার্স ও জনগণ সবাইকে আশ্বস্ত করতে চাই, আপনারা আতঙ্কিত হবেন না। ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে আপনাদের সবাইকে এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। ঘরে ঘরে সচেতনতা ও সতর্কতার দুর্গ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এসব দরিদ্র জনগণের কষ্ট লাঘবের জন্য বিশেষ প্রণোদনা ব্যবস্থা চালু করেছেন এবং তাদের সাহায্য-সহযোগিতা দেওয়া অব্যাহত রেখেছেন।আমি সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সব নেতা-কর্মী ও বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
কোনো প্রকার গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সঠিক তথ্যের জন্য প্রচলিত গণমাধ্যম তথা টেলিভিশন-রেডিও-সংবাদপত্রের মাধ্যমে প্রচারিত সরকারি নির্দেশনা মেনে চলুন। প্রয়োজনে সরকার নির্দেশিত হটলাইন নম্বরে যোগাযোগ করুন।
মতলববাজ, গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়ে তিনি বলেন,এই ধরনের গুজব শুধুমাত্র আমাদের সঙ্কটকে আরো ঘনীভূত করবে।
