
শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দাপ্তরিক কার্যক্রম সীমিত হয়ে যাওয়ায়, এখন অনেকটাই গ্রামমুখী রাজধানীবাসী।গণপরিবহন থেকে শুরু করে যে কোনো ধরনের পরিবহনের গন্তব্য বেশিরভাগ ক্ষেত্রেই বাস বা লঞ্চ টার্মিনাল। জনবহুল এলাকাগুলো অনেকটাই ফাঁকা। শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে রয়েছে মানুষের ভিড়।
দৈনন্দিন প্রয়োজনেই ভিড়। কাঁচাবাজারে আসা নগরবাসী যত দ্রুত পারছেন ফিরে যাচ্ছেন ঘরে।
গণপরিবহন, রিক্সা বা মোটর সাইকেল, সবগুলোতেই যাত্রী কম। মূলত: এখানে যাত্রীরা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। তার বেশিরভাই ছুটছেন বাসস্ট্যান্ড বা লঞ্চ টার্মিনালগুলোতে, কারণ সবাই আসলে ঢাকা ছেড়ে গ্রামের দিকে পা বাড়াচ্ছে।
বাসস্ট্যান্ডে আসা যাত্রীদের চোখে এখন তাড়াহুড়ো আর করোনা আতঙ্ক। ভয় থেকেই ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ।
এদিকে, প্রশাসনের অনুরোধ উপেক্ষা করে নৌপথে ঢাকা ছেড়ে যাচ্ছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গাদাগাদি করে নিজ নিজ গন্তব্যে ছুটছেন যাত্রীরা ।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, যাত্রীদের যাতায়াতের ব্যাপারে তাদের কিছেই করার নেই। তবে সদরঘাটে যারা প্রবেশ করছে তাদের সবার হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার এবং তাপমাত্রা মাপা হচ্ছে। এরই মধ্যে তাপমাত্রা বেশি থাকায় দুই যাত্রীকে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় নিয়ে শুক্রবার(২০ মার্চ) বিকেলে ঢাকা নদী বন্দরের সভাকক্ষে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করেছে বিআইডব্লিউটিএ। সেখানে লঞ্চ জীবাণুমুক্ত রাখতে মালিকদের নির্দেশনা দেয়া হয়। এছাড়া লঞ্চে করে পশু পাখি পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
