
করোনাভাইরাস মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে,এই সংকটের সময় নিম্ন আয়ের মানুষদের জন্য ভাতার দাবি করেছে বিএনপি।
শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,দলের পক্ষ থেকে আমরা মনে করি যে, এটা (করোনাভাইরাস) একটা জাতীয় ও বৈশ্বিক বিপর্যয়। সেজন্য দলমত নির্বিশেষ, জাতি-ধর্ম নির্বিশেষ সকল মানুষের প্রতি আমরা আবারো আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আতঙ্কগ্রস্থ না হয়ে আমাদের সকলের এই মনোভাব সৃষ্টি করি যে, আমরা এটাকে মোকাবিলা করব।
তিনি বলেন,আমরা স্পষ্ট করে বলতে চাই, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই বৈশ্বিক বিপর্যয়কে মোকাবিলা করতে হবে। আমি অনুরোধ জানাবো ব্যবসায়ীদের প্রতি, দয়া করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি করবেন না। মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।করোনা ভাইরাস শনাক্তকরণ কিট, চিকিৎসকদের বিশেষ পোষাক সরবরাহ, তাদের প্রশিক্ষণসহ হাসপাতালে এই রোগের আক্রান্তদের স্বাস্থ্য সেবার বিষয়ে সরকারের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান ফখরুল।
তিনি বলেন,আমরা আশঙ্কা করছি, এই ধরনের প্রস্তুতি গ্রহন যদি সরকার না করে আর যদি একমাস এরকম অবস্থা চলে, তাহলে মেবি এ সিচুয়েশন লাইক ফেমিন। কারণ সাধারণ মানুষ তো খাবার পাবে না। এরপরে দাম বাড়তে শুরু করেছে। চালের দাম তো বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়. নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন লন্ডন থেকে স্কাইপে যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
