করোনা আতঙ্কে ভারতের কারাগারে সংঘর্ষ-আগুন, নিহত ১

ভারতের পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রীয় কারাগারে করোনা ভাইরাস আতঙ্কে কারাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে বন্দিরা। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (২১ মার্চ) উত্তর কলকাতার দমদম কারাগারে কারাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বন্দিরা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
খবরে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় তা কারাগারেও পৌঁছেছে বলে বন্দিদের মাঝে খবর ছড়িয়ে পড়ে। এই খবর পাওয়ার পর বন্দিরা আতঙ্কিত হয়ে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। আর এক পর্যায়ে কারাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। ফলে হতাহতের ঘটনা ঘটে।