
নিজস্ব প্রতিবেদক
করোনার প্রভাবে রাজধানী ঢাকা এখন অনেকটা ফাঁকা।যানজট নেই, ব্যস্ত মোড়ে মানুষের জটলাও নেই। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। মতিঝিলের ফুটপাতের এক ব্যবসায়ির ভাষায়, এ যেন ঈদের ছুটির ঢাকা।ঈদের ছুটির মতো ফাঁকা ঢাকাজুড়ে এখন আতঙ্ক। এর আতঙ্কের নাম করোনা ভাইরাস।
সকাল থেকেই রাজধানীর ব্যস্ত এলাকা শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, পল্টন, বাংলামোটর, কাকরাইল ছিল অনেকটাই ফাঁকা। রাস্তার মোড়ে মোড়ে যানজট ছিল না। যানবাহন চলেছে হাতেগোনা। বাস ও মিনিবাসগুলো যাত্রী সঙ্কটে একই স্থানে দাঁড়িয়ে থেকেছে অনেকক্ষণ। দুপুরে গুলিস্তান এলাকার জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে, রাস্তা ও ফুটপাত অনেকটাই ফাঁকা। গুলিস্তান এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু বিক্রেতা থাকলেও ত্রেতা ছিল না বললেই চলে। গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার যেখানে নেমেছে সেখানে প্রতিদিন যানজট লেগে থাকলেও গতকাল ছিল ভিন্নরুপ। একটা দুটো করে বাস আসছে। সেগুলোতে যাত্রীও হাতে গোনা। পুরো গুলিস্তানজুড়ে ছিল না কোনো কোলাহল। পল্টন এলাকাতেও লোক সমাগম চোখে পড়েনি। পল্টন মোড়ে গাড়ি চলাচল করেছে খুবই কম। সে কারণে ট্রাফিক পুলিশের প্রয়োজন পড়েনি। ট্রাফিক পুলিশরা পুলিশ বক্সে অলস সময় কাটিয়েছেন।
রাজধানী ঘুরে দেখা যায়, শনিবার কর্মদিবস হলেও ঢাকার রাস্তাঘাট ছিল বেশ ফাঁকা। ব্যস্ত সড়কে নেই চিরচেনা যানজট। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যাচ্ছে অনায়সেই। তবে করোনা ভাইরাস আতঙ্ক আর ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের কারণে সড়কে মানুষের দেখা মিলেছে যৎসামান্য।করোনা আতঙ্কে ফাঁকা ঢাকায় ভিআইপি রোড।ফাঁকা রাজপথে গণপরিবহনের সংখ্যাও ছিল কম। আর বেশিরভাগ গণপরিবহনেই যাত্রীর সংখ্যাও ছিল হাতে গোনা।করোনা আতঙ্কে ফাঁকা ঢাকায় ভিআইপি রোডেও রাজত্ব করেছে রিকশা। গণপরিবহনে জনসমাগম এড়াতে রিকশায় করে গন্তব্যস্থলে গিয়েছেন অনেকেই। তবে ভাড়াও গুণতে হয়েছে অন্যান্য সময়ের চেয়ে বেশি।
মহাখালী বাস টার্মিনালের, সকাল থেকে উত্তরাঞ্চলের দূরপাল্লার বাসগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা গেছে। করোনা আতঙ্কে অনেকেই পরিবার পরিজনকে গ্রামের বাড়িতে পাঠাচ্ছেন। সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালেও সকালে দূরপাল্লার বাসগুলোতে যাত্রীদের ভিড় ছিল বলে জানান বাস মালিকরা।
