
নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন, ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।সারাদেশে ১৪ হাজার জন আছেন হোম কোয়ারেন্টাইনে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫০ জন।বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন।
করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪১৭ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।
করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে বিশেষজ্ঞ দল আনার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, করোনা মোকাবিলায় চীন সফল হয়েছে। তাদের আভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করবো। করোনাভাইরাস মেকাবিলা করবো।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ এ ভাইরাসকে গুরুত্বসহ নেইনি বলেই তাদের অবস্থা এখন খুব খারাপ। যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে যেমন- কোরিয়া, তাইওয়ান তারা কিন্তু তুলানামূলক ভালো আছে। আমরাও আমাদের সীমিত সম্পদ নিয়ে দুই মাস ধরে প্রস্তুতি নিয়েছি। এরপরও আমরা ভালো আছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমরা আরও একটা পদক্ষেপ নিতে যাচ্ছি। সেট হচ্ছে চীন থেকে কিছু এক্সপার্ট আনার চিন্তভাবনা করছি। চীনের ডাক্তার-নার্স যারা হুয়ানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন তাদেরকে এনে আমাদের ডাক্তার নার্সদের যেন ট্রেনিং দিতে পারে। পাশাপাশি তারা আমাদের বিভিন্ন হাসপাতাল দেখে আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ দেবেন। তাদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
চীন থেকে আর কী সহযোগিতা পাচ্ছি জানতে চাইলে তিনি বলেন, পিপি, টেস্ট কিট, তিন লাখ মাস্কসহ আরও কিছু প্রয়োজনীয় সরঞ্জাম তারা দেবে।
