
করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২০ মার্চ) প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, করোনা বিষয়টা নিয়ে আমরা ঝুঁকিতে আছি সেটা নিঃস্বন্দেহে বলা চলে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এ ভাইরাসের কারণে সারা বিশ্ব আতঙ্কিত। চীন থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।তাই ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব, সেটা নিশ্চিত করে বলা যায় না।
করোনাভাইরাস মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্দ্যোগে করোনাভাইরাসকে পরাজিত করব।
দেশে করোনাভাইরাসের আক্রান্তের মধ্যেও বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন থামছে না, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলের ওপর নির্যাতন কীভাবে হচ্ছে এটা আমার জানা নেই। কোনো তথ্য প্রমাণ তো নেই। কোথায় তাদের ওপর নির্যাতন করা হচ্ছে? তথ্য প্রমাণ নিয়ে আসুক। তারা অন্ধকারে ঢিল ছুড়বে যে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, এটা তাদের পুরানো অভ্যাস।
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান আমাদের দেশের একজন বরেণ্য রাজনীতিবিদ, সৎ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। যিনি স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন।২০১৩ সালের এই দিনে তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।
