নির্ধারিত জামাতের পনের মিনিট আগে খোলা হবে হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটের দরগাহে হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ নামাজের জামাতের পরপরই বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত জামাতের পনের মিনিট আগে মসজিদের ফটক খোলা হবে বলেও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার রাতে মসজিদ কমিটির পক্ষে মসজিদের পরিচালক ও প্রধান হিসাবরক্ষক মুফতি মোহাম্মদ কয়েছ এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সিলেটের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় হয়ে থাকে দরগাহ জামে মসজিদে। এ মসজিদে প্রতি শুক্রবার কয়েক সহস্রাধিক মুসল্লি নামাজ পড়তে আসেন, এছাড়া পাঁচওয়াক্ত নামাজেও সহস্রাধিক মুসল্লির উপস্থিতি বিদ্যমান থাকে।
বিজ্ঞপ্তিতে মসজিদ কর্তৃপক্ষ বলছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মসজিদ কর্তৃপক্ষ জামাতের এ সময়সূচি নির্ধারণ করেন। শুক্রবার থেকে প্রতি ওয়াক্তের জামাতের নামাজ নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে আযান হবে। জামাত শেষে মসজিদ বন্ধ করে দেওয়া হবে। এজন্য মুসল্লিদের সব সুন্নত নামায নিজ নিজ বাসায় পড়তে অনুরোধ করা হয়েছে।তবে ফজর এবং জুমার আজান জামাতের ২০ মিনিট আগে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।