করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ছাত্রলীগ

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগ।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে ছাত্রলীগের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্মক চেষ্টা করলেও ছাত্র সংগঠন হিসেবে মানুষকে সহায়তা করতে এগিয়ে এলো ছাত্রলীগ।
ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এই কার্যক্রমে অংশ নেন।
আল নাহিয়ান খান জয় বলেন,৫ হাজার মাস্ক তৈরি করে বিতরণ করেছি। এছাড়া সচেতনমূলক লিফলেটও কয়েক হাজার তৈরী করা হয়েছে। আমরা সেগুলো বিতরণ শুরু করেছি। রাজধানীতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পর জেলা ও বিভাগ পর্যায়ে ছাত্রলীগের নেতারা এসব বিতরণ করবেন। আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। এ কারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা অনেকেই স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওযা যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এসব কিনতে পারছেন না। ছাত্রলীগ তাদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছাতে কাজ শুরু করেছে।
লেখক ভট্টাচার্য বলেন, বিশ্বে করোনাভাইরাসের বিস্তার এবং এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় বাজারে হ্যান্ড স্যানিটাইজারের স্বল্পতা এবং মূল্যবৃদ্ধি পাওয়ায় ছাত্রলীগ শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
তিনি বলেন, ছাত্রলীগের নেওয়া এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে সংগঠনের সব নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।