করোনাভাইরাসে মৃত্যু ১০ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মারা যাওয়ার সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোভিড-১৯ রোগে শেষ খবর পর্যন্ত বিশ্বব্যাপী ১০ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। এতে মৃতের সংখ্যায় ইতালি ভাইরাসটির শনাক্তস্থল চীনকে ছাড়িয়ে গেছে।
কোভিড-১৯ রোগে চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। যার মাধ্যমে দেশটিতে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার দুইশ ৪৮ জনে। ইরানে মারা গেছেন একশ ৪৯ জন, সর্বমোট এক হাজার দুইশ ৮৪ জন। একশ ৯৩ নতুন মৃত্যু নিয়ে স্পেনে সে সংখ্যা ঠেকেছে আটশ ৩১ জনে। একই সময়ে একশ আট জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে। দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশ ৭২ জনে।