ওমানে বিমানের সব ফ্লাইট বাতিল

করোনাভাইরাসের সংক্রমণরোধে এরই মধ্যে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার ওমানে বাতিল করা হলো রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের সব ফ্লাইট।
ওমানের রাজধানী মাস্কাটে পরিচালিত বিমানের নিয়মিত ফ্লাইট মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই বন্ধ হচ্ছে।একইসঙ্গে দেশটিতে বিমানের শেষ ফ্লাইটের সময়সূচীও ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওমানের সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ মধ্যরাত থেকে দেশটির নাগরিক ছাড়া কেউ সেদেশে প্রবেশের অনুমতি পাবে না। এরই প্রেক্ষাপটে বিমান ওমানের রাজধানী মাস্কাটে নিয়মিত ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ কারণে আজই এই রুটে বিমানের শেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।
জানা গেছে, কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম থেকে মাস্কাটগামী সোমবারের ফ্লাইট (বিজি-১২১) রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে। এজন্য যাত্রীদেরকে বিকেল ৩টায় রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। ফিরতি ফ্লাইটটি যথাসময়ে দেশের উদ্দেশে ছেড়ে আসবে।
এর আগে যাত্রী সংকটে পড়ে ১০টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের সব ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিমান।