
দেশবাংলা ডেস্ক :
দিনের শুরুতেই চাই এক কাপ গরম চা।অনেকে আছেন যাদের সারাদিনে অন্তত ৮-১০ কাপ চা না খেলে চলে না। দুধ চা হোক বা আদা দেওয়া সুগন্ধী পাতার লাল চা চায়ের নেশাটা কম-বেশি প্রায় সকলেরই রয়েছে।মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ।
কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ এমনকি প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে অতিরিক্ত চা পানে। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক-
চায়ের মধ্যে থাকা ক্যাফেইন এক দিকে যেমন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, তেমনই অতিরিক্ত চা খেলে তা উত্কণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা বেড়ে যেতে পারে।
অতিরিক্ত মাত্রায় চা খেলে চায়ে থাকা ক্যাফেইনের প্রভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। বাড়তে পারে অনিদ্রার সমস্যা।
চায়ে থাকা থিওফাইলিন নামের রাসায়নিক পরিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করে। তাই অতিরিক্ত মাত্রায় চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, গর্ভবতী নারীদের চা-কফি সম্পূর্ণ এড়িয়ে চলাই ভাল। কারণ, এর মধ্যে থাকা ক্যাফেইন গর্ভস্থ ভ্রুণের ক্ষতি করতে পারে। ফলে বাড়তে পারে অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকি।
হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই ভাল।
একাধিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
