
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফাহিমা বেগম নামে এক শিক্ষকের বাম হাত বিচ্ছিন্ন হয়েছে। এ সময় আরো ৩০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। ওই শিক্ষকের বিচ্ছিন্ন হাত জোড়া লাগানোর চেষ্টা করছেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার জানিয়েছেন, ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষা সফরে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষক ফাহিমা বেগমের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য ৩০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন।ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। পরে ওই শিক্ষককে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
শেয়ার করুন
