
ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে আগামীকাল বুধবার থেকে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ালটন ভারত-বাংলাদেশ ব্লাইন্ড প্রীতি ফুটবল ম্যাচ। পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বুধ ও বৃহস্পতিবার দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারতের ব্লাইন্ড ফুটবল দল। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির উপদেষ্টা ড. মাহফুজুর রহমান, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আখতারসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্লাইন্ড ফুটবল দলের অধিনায়ক মনির রানা বলেন,প্রতিবন্ধী মানুষের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হবে এবং ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারব।’ কলকাতা ব্লাইন্ড ফুটবল দলের অধিনায়ক মিহির বলেন, ‘ওয়ালটন গ্রুপ ও এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই। তারা দৃষ্টিহীনদের পাশে এসে দাঁড়িয়েছেন। আশা করছি আগামী দিনেও পাশে এসে দাঁড়াবেন। মুজিববর্ষে বাংলাদেশে এমন একটি টুর্নামেন্ট খেলতে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি।
ড. মাহফুজুর রহমান বলেন,সরকার যেন প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টি রাখেন এবং এই প্রতিবন্ধীদের কল্যাণে আরো ভালো কিছু কাজ করেন। সেটা ক্রীড়াক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, পড়াশুনার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে যেন সরকার সহযোগিতা করে। বাংলাদেশে যেসব বড় বড় কোম্পানি ও বৃত্তবানরা আছেন তাদের আহব্বান করব প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসার।
ব্লাইন্ড ফুটবল বা ব্লাইন্ড সকার খেলে মূলত পাঁচজন। তাদের মধ্যে চারজন দৃষ্টি প্রতিবন্ধী। কেবল গোলরক্ষক চোখে দেখতে পান। বাকিরা ব্লাইন্ডফোল্ড। তাদের জন্য বিশেষ বল থাকে। যেটার মধ্যে ঝুনঝুনি মতো কিছু একটা থাকে। যেটা বলের ভেতরে শব্দ করে। সেই শব্দে দৃষ্টি প্রতিবন্ধীরা বুঝতে পারেন বল কোন দিকে যাচ্ছে। পাশাপাশি খেলার সময় খেলোয়াড়রা বিশেষ দুটি শব্দ ব্যবহার করে (ভয় অ্যান্ড গো)। যাতে আক্রমণভাগে থাকা খেলোয়াড়রা মিডফিল্ড ও রক্ষণভাগে থাকা খেলোয়াড়দের অবস্থান বুঝতে পারে।
এই ম্যাচে কোচদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। দুইজন কোচ খেলোয়াড়দের বিভিন্ন নির্দেশনা দেন। তার মধ্যে একজন সাইড লাইনে দাঁড়িয়ে মিডফিল্ডের খেলোয়াড়দের নির্দেশনা দেন। অন্যজন আক্রমণভাগের দিকে থাকেন। তিনি স্ট্রাইকারদের নির্দেশনা দেন। আর দৃষ্টি সম্পন্ন গোলরক্ষক তার রক্ষণভাগের খেলোয়াড়দের নির্দেশনা দেন।
ব্লাইন্ড ফুটবলের মাঠের আকৃতি হয় ৪২ মিটার বাই ২২ মিটার। ভারতে এটা খেলা হয় ৪০ মিটার বাই ২০ মিটার আকৃতির মাঠে। অবশ্য কোথাও কোথাও মাঠের আকৃতি ৩৮ মিটার বাই ১৮ মিটারও হয়।
আংশিক কিংবা পুরোপুরি অন্ধদের এই ফুটবল বিশ্বে বেশ জনপ্রিয়। এমনকী ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন (আইবিএসএ) আয়োজন করে থাকে ব্লাইন্ড সকার ওয়ার্ল্ড কাপও। ফুটসালের আদলে এই বিশ্বকাপ পুরুষ এবং নারী উভয়ের জন্যই আয়োজন করে আইবিএসএ। এটা প্যারা অলিম্পিকেরও একটি ডিসিপ্লিন।
শেয়ার করুন
