
করোনার প্রভাবে জনসমাগম এড়াতে মুজিববর্ষের অনুষ্ঠান জাতীয় প্যারেড গ্রাউন্ডে না হলেও ভিন্নমাত্রায় বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সিদ্ধান্ত নিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা মুজিববর্ষের অনুষ্ঠান করবেন।
সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে বাস্তবায়ন কমিটির সদস্যরা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে কিভাবে স্বল্পতম সময়ে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা যায়—এ নিয়ে আলোচনা হয়।
পরে সংবাদ সম্মেলনে কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘আমাদের হাতে আসলে সময় অনেক কম। এই সময়ের মধ্যে নতুন প্রোগ্রাম সাজাতে হবে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে আমরা যেভাবে করতে চেয়েছি, সেটি না করে ভিন্নমাত্রায় অনুষ্ঠানটি করবো।’
সিদ্ধান্ত হয়েছে টেলিভিশনের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আলাদাভাবে প্রোগ্রাম থ্রো করবো। যা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ পর্যন্ত তার ঘরে বসে বা প্রতিষ্ঠানে বসে মুজিববর্ষের অনুষ্ঠান উপভোগ করতে পারবে। সেভাবে উদ্বোধনী অনুষ্ঠানটি সাজানোর জন্য আলোচনা করেছি।
তিনি বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী আমাদের সভাপতি, আমরা তার সঙ্গে সিদ্ধান্তগুলো আলোচনা করে চূড়ান্ত করবো।’
ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘আমাদের দেশের জনগণ এবং যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু এই উৎসবে শরিক হতে চান। আমরা এখন যে প্রোগ্রাম সাজাবো তার মাধ্যমেও সেখানে আমাদের সাধারণ মানুষ এই জন্মশতবার্ষিকীর সঙ্গে আত্মিকভাবে তাদের একটা যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারবো।’
পুনর্বিন্যাসিত অনুষ্ঠানমালা ঠিক করতে এবং তা বাস্তবায়ন করতে সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবং আসাদুজ্জামান নূরের একটি ‘টেকনিক্যাল কমিটি’ করা হয়েছে জানিয়ে কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘সেখানে সংষ্কৃতি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রেজওয়ানা চৌধুরী বন্যা, বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজি (শিল্পকলা একাডেমি, বিটিভি) ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি আছেন। কি কি প্রোগ্রাম হবে কমিটি সেটি নিয়ে মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তারপর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে পরে জানাবো গণমাধ্যমকে।’
কামাল আবদুল নাসের চৌধুরী যখন ব্রিফ করছিলেন তখন ভেতরে আসাদুজ্জামান নূরের নেতৃত্বে টেকনিক্যাল কমিটির বৈঠক চলছিলো।
শেয়ার করুন
