
করোনা ভাইরাসের সচেতনায় জিম্বাবুয়ে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির টিকিট বিক্রি কমিয়ে এনেছিল বিসিবি। কিন্তু গ্যালারিতে যে উপস্থিতি ছিল তাতে এক মুহূর্তের জন্যও মনে হয়নি এমন কিছুর। প্রিয় দলের খেলা দেখতে মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যার আগেই ভরে গিয়েছিল। সময় গড়ানোর সাথে বাড়তে থাকে দর্শক।
স্বাগতিক দর্শকদের হতাশ করেননি টাইগাররা। হেসেখেলে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়েকে। টেস্টে, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও এসেছে প্রত্যাশিত জয়।
ব্যাটিংয়ে হতাশ করেননি টপ অর্ডারের ব্যাটসম্যানরা। ওয়ানডে দলের দায়িত্ব পাওয়া তামিম, ইনফর্ম লিটন ও টি-টোয়েন্টি দলে ফেরা সৌম্য ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। তাদের দাপুটে ব্যাটিংয়ে টি-টোয়েন্টির তৃতীয় সর্বোচ্চ ২০০ রান তুলে বাংলাদেশ। এ রান জমা করতে হারায় মাত্র ৩ উইকেট। লক্ষ্য তাড়ায় ১৮৬ রানের বেশি করার রেকর্ড নেই জিম্বাবুয়ের। সেটাও করেছিল ১০ বছর আগে। এবার ২০১ রানের লক্ষ্যে অতিথিরা করতে পারল মাত্র ১৫২ রান। হেসেখেলে বাংলাদেশ জিতেছে ৪৮ রানে।
টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে বড্ড বড় ভুল করে জিম্বাবুয়ে। একে তো ব্যাটসম্যানরা ফর্মে অন্যদিকে জিম্বাবুয়ের বোলিং ছিল মুখস্ত। বড় রান আসবে তা প্রত্যাশিতই ছিল।
উদ্বোধনী জুটিতেই আসল ৯২ রান। টি-টোয়েন্টিতে তামিম পেলেন পুরোনো সঙ্গী লিটনকে। তাতে হাসল স্কোরবোর্ড। ৯২ রানের উদ্বোধনী জুটির রেকর্ডও গড়েন তারা। এর আগে ৭৪ রান তারাই করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। পাওয়ার প্লে’র সুবিধা আদায় করে ৫৯ রান জমা করে দুই ওপেনার। এরপর ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে যান দুজনই।
তামিম হাফ সেঞ্চুরি না পেলেও লিটন তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। এরপর সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হন। ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৯ রান আসে তার ব্যাট থেকে।দুই ছক্কা হাঁকিয়ে মুশফিক বড় কিছুর আশা দেখাচ্ছিলেন। কিন্তু ১৭ রানে তাকে ফিরতে হয় টাইমিংয়ে গড়বড় করে। ৮ বলে ২ ছক্কা। পরের গল্পটুকু সৌম্য সরকারের। দলে ফিরে ঝোড়ো ব্যাটিং উপহার দেন বাঁহাতি টপ অর্ডার।৫ ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের ইনিংসকে নিয়ে যান চূঁড়ায়। শুরুটা কেন উইলিয়ামসনকে লং অন দিয়ে। পরেরটা টিরিপানোকে একই জায়গা দিয়ে। শেষ তিনটি মেরেছেন এমপোফুকে। তিনটি শেষ ওভারে। প্রথমটি লং অফ দিয়ে। পরের দুটি ডিপ মিড উইকেট দিয়ে।
শেষ ওভারে তার ঝড়ে এমফোপু খরচ করেন ২০ রান। চতুর্থ উইকেটে সৌম্য ও মাহমুদউল্লাহর ২৫ বলের জুটিতে আসে ৫৪ রান। এতে মাহমুদউল্লাহর অবদান ১৪। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সৌম্য অপরাজিত থাকেন ৬২ রানে। ৩২ বলে ৪ চার ও ৫ ছক্কায় ১৯৩.৭৫ স্ট্রাইক রেটে সাজান নিজের ইনিংস।
