কারাবন্দি রোনালদিনহোর প্রথম ফটো

গত বুধবার রাতে পাসপোর্ট জালিয়াতি করে প্যারাগুয়েতে আটক হন ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস। শুক্র ও শনিবার আসুনসিওনের কারাগারে ছিলেন। রবিবার ছিল দর্শণার্থীদের দেখা করার দিন। এদিনেই কারাবন্দি রোনালদিনহোর প্রথম ফটো প্রকাশ পেয়েছে এক সংবাদকর্মীর ক্যামেরার মাধ্যমে।
প্যারাগুয়ান সংবাদকর্মী হার্নান রদ্রিগেস টুইটারে কারাবন্দি রোনালদিনহোর একটি ছবি পোস্ট করেন। ছবিতে ট্রেডমার্ক হাসি দেখা যায় দুবারের ফিফা বর্ষসেরার মুখে। জানা গেছে, দুই ভাইকে গৃহবন্দী রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের দেশত্যাগের ঝুঁকি থাকায় কারাগারেই রাখার নির্দেশ দেন বিচারক ক্লারা ‍রুইজ দিয়াজ।
প্যারাগুয়ের আইন অনুযায়ী, ছয় মাসের মধ্যে কোনও অপরাধের তদন্ত শেষ করতে হয়। যতটুকু জানা গেছে, রোনালদিনহোদের ব্যাপারে তদন্ত শেষ হতে অতো সময় নাও লাগতে পারে। কারণ, দুজনই তদন্তকারীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন।
প্যারাগুয়ের পুলিশ সদর দফতরে বন্দী আছেন রোনালদিনহো ও তার ভাই। সাধারণত মাদকপাচারকারীদের মতো শীর্ষ পর্যায়ের সন্ত্রাসীদের বন্দী রাখা হয় এখানে। সাবান, বালিশ ও মশানিরোধক ওষুধ দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। যত্ন-আত্তির অভাব যে হচ্ছে না, সেটা কারাবন্দি রোনালদিনহোর মুখের হাসিই বলে দেয়।