ভারতকে উড়িয়ে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

নিজেদের ঘরের মাঠে ভারতীয় নারী ক্রিকেট দলকে পাত্তাই দিল না অস্ট্রেলিয়া। ভারতের নারী দলের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৮৫ রানের বড় ব্যবধানে জিতে নিয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সাত আসরের মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। বাকি দুইবার শিরোপা গেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ঘরে।
একপেশে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্রেফ উড়ে গিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে ১৮৪ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা। জবাবে ভারতীয়রা অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে।রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। আসরের অন্যতম মারকুটে ব্যাটার শেফালি ভার্মা সাজঘরে ফেরেন ইনিংসের তৃতীয় বলে, মাত্র ২ রান করে। ভারতের পতনের শুরুটাও ঠিক সেখান থেকেই।
দ্বিতীয় ওভারে জোড়া ধাক্কা খায় ভারত। প্রথমে মাথায় বল লেগে আহত অবসর হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তানিনা ভাটিয়া। তিনি আর মাঠে নামতে পারেননি। সেই একই ওভারে রানের খাতা খোলার আগে আউট হয়ে যান দলের অন্যতম সেরা ব্যাটার জেমিমাহ রদ্রিগেজ।
কিছুই করতে পারেননি আরেক ওপেনার স্মৃতি মান্ধানা কিংবা অধিনায়ক হারমানপ্রিত কৌর। পাল্টা আক্রমণ করতে গিয়ে ৮ বলে ১১ রান করে ফেরেন মান্ধানা, হারমানের ব্যাট থেকে আসে ৭ বলে ৪ রান। প্রথম ছয় ওভারের মধ্যেই ৪ উইকেট এবং তানিয়াকে হারিয়ে বিপদে পড়ে যায় ভারত।