
নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :
সম্প্রচার আইন ও গণমাধ্যমকর্মী আইনের মাধ্যমে দেশের সম্প্রচারমাধ্যমকর্মীরা চাকরিগত সুরক্ষার আওতায় আসবেন এবং সম্প্রচারমাধ্যমের সুরক্ষার জন্যও সরকারের নতুন পদক্ষেপগুলো সুফল বয়ে আনছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র টিএসসি মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)র ২য় সম্মেলনের সূচনাপর্বে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন,এই পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের চাকরির সুরক্ষা প্রয়োজন। আমরা চেষ্টা করবো খুব শিগগিরই গণমাধ্যমকর্মী আইন মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য। আগামী সংসদ অধিবেশনে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। গণমাধ্যমকর্মী আইন যখন চূড়ান্ত হবে, তখন 3. দেওয়া সম্ভব হবে। এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই।
সম্প্রচার আইন নিয়ে তথ্যমন্ত্রী বলেন,সম্প্রচার আইন দেড় বছর আগে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সম্প্রতি আইন মন্ত্রণালয় এটির ভেটিংয়ের কাজ শুরু করেছে। আমরা আশা করছি দ্রুত ভেটিং হয়ে আমাদের কাছে পৌঁছে যাবে। আপনারা জানেন, সম্প্রচার নীতিমালা রয়েছে, এটি আইনে পরিণত হবে।
হাছান মাহমুদ বলেন,আমরা আশা করি গণমাধ্যমকর্মীদের চাকরির সুরক্ষা নিশ্চিত করতে পারবো। তবে এ ক্ষেত্রে গণমাধ্যমের মালিক পক্ষকে অনেক তৎপর হতে হবে। ১০ বছর ধরে চাকরি করছেন, হঠৎ সে জানলো তার চাকরি নেই। এটি গণতন্ত্রের পরিপন্থী, মৌলিক অধিকারের পরিপন্থী। এটি কোনোভাবে কাম্য নয়। আমি আশা করি, আইন দুটো পাস হলে এটি করা সম্ভব হবে না। আমি আরও আশা করবো, এ ধরনের ঘটনা যেন না হয়।
