
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,আমরা অপরাধীকে অপরাধী হিসেবে দেখছি, দলীয় লোক হিসেবে নয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।পরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ব্যক্তির কর্মকাণ্ডে দল বিব্রত নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন,কোনো দলের লোকের জন্য আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হই না। অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আমাদের আছে। ব্যবস্থা নিয়েছি, অনেকে শাস্তি পেয়েছেন। অনেকে শাস্তি পাওয়ার অপেক্ষায় আছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে আছেন।বিএনপি শুধু ইস্যু খোঁজে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। তারা বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা ও ঔজ্জ্বল্য ঢেকে দিতে পারেনি। তাই এখন মুজিববর্ষ উদযাপনের বিরোধিতা করছে।
পিরোজপুরের আদালতের ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন,এটি আইন বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। এ ব্যাপারে আইনমন্ত্রী কথা বলেছেন। তিনি বলেন,আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের বিষয় নিয়ে আমার কথা বলা ঠিক হবে না। আমরা বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনে বিশ্বাস করি। এটাই আমাদের অবস্থান। তবে, এই ঘটনার সঙ্গে যদি দলীয় কোনো বিষয় থেকে থাকে, তাহলে সেটি খতিয়ে দেখছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।
