
নবম বারের মতো বাংলাদেশ গেমস আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস। এ গেমসের মাসকট প্রকাশ করেছে বিওএ।
বৃহস্পতিবার দুপুরে কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ গেমস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে বিওএ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমামেন জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ গেমসের মশাল টুঙ্গীপাড়ায় প্রজ্জ্বলন করে ঢাকায় আনা হবে। ৩১ মার্চ জাতির পিতার জন্মভূমি থেকে মশাল যাত্রা করে ওই দিন ঢাকায় পৌছবে।
আগামী ১ এপ্রিল উদ্বোধন হবে দেশের সাফ গেমস খ্যাত বাংলাদেশ গেমসের। গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ দিন ব্যাপী গেমসে দেশের প্রায় ১০৬০০ ক্রীড়াবিদ ৩১টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবেন। টুর্নামেন্ট চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করার জন্য বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের মশাল টুঙ্গীপাড়া থেকে প্রজ্জ্বলন করে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিয়ে আসা হবে। মশাল ৩১ মার্চ প্রজ্জ্বলন করে ঐ দিনই ঢাকায় আনা হবে। সর্বশেষ বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ২০ থেকে ২৮ এপ্রিল। অষ্টম ওই আসর হয়েছিল সপ্তম আসরের ১১ বছর ১১ মাস ১১ দিন পর
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে কো-চেয়ারম্যান করে সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও গেমসের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১৬টি উপকমিটি গঠন করা হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিওএ এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ, স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু, মিডিয়া অ্যান্ড পাবলিসিটি কমিটির সদস্য সচিব কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলসহ বিওএ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
