বাঙালিদের জানতে হবে স্বাধীনতা অর্জনে রক্তক্ষয়ী অগ্নিঝরা মার্চ

তাসনিম তাপসী

শুরু হয়েছে অগ্নিঝরা মার্চ। বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নের এ মাসের অবদান চিরস্মরণীয় থাকবে বাঙালির চিত্তে। ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু তার সেই ঐতিহাসিক ভাষণটি দেন। রেসকোর্স ময়দানে এদিন তিনি মুক্তি আর স্বাধীনতার ডাক দেন। ইয়াহিয়ার ১ মার্চের ঘোষণার সে দিনই দেশজুড়ে শুরু হওয়া সর্বাত্মক বিক্ষোভ আর প্রতিরোধের আন্দোলন। যার ধারাবাহিকতায় সূত্রপাত অসহযোগ আন্দোলনের। একপর্যায়ে পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিমা সামরিক জান্তার নিয়ন্ত্রণ সম্পূর্ণই অকার্যকর হয়ে পড়ে। প্রকৃত কর্তৃত্ব চলে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। আবাল- বৃদ্ধবনিতা সবার হৃদয় ক্ষোভে জ্বলে ওঠে। আর নয়,আর নয়,এবার স্বাধীনতা,স্বাধীনতা,বাংলাদেশের স্বাধীনতা, রক্তিম ফুল হাতে চাই।তোমার আমার ঠিকানা,পদ্মা মেঘনা যমুনা,জয় বাংলা।একাত্তরের এই মার্চে মুক্তি ও স্বাধীনতার দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে ছাপ্পান্ন হাজার বর্গমাইল। এ মাসেই উত্তোলিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। পঠিত হয়েছিল স্বাধীনতার ইশতেহার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের শ্রেষ্ঠতম মহাকাব্য রচনা করেছিলেন বাঙালির হাজার বছরের অব্যক্ত আকাঙ্ক্ষার এই পঙক্তিমালা উচ্চারণ করে- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন- বাঙালি আর পরাধীন নয়। আজ থেকে শুরু হয়েছে সেই অগ্নিঝরা মার্চ।

এরপর ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসভায় বঙ্গবন্ধু যে ঘোষণা দেন,তা স্বাধীনতা সংগ্রামের পথে আরও সুনির্দিষ্টভাবে এগিয়ে নিয়ে যায় জাতিকে। ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্যে নিজেদের মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করতে শুরু করে গোটা জাতি।পহেলা মার্চেই মতিঝিল এলাকার পূর্বাণী হোটেলে আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি বৈঠক হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে সমবেত হয় বিক্ষুব্ধ ছাত্রসমাজ।

স্লোগান ওঠে- ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।’ বঙ্গবন্ধু এক মুহূর্ত দেরি না করে এ বৈঠক থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। ২ ও ৩ মার্চ দেশব্যাপী টানা হরতালের কর্মসূচিও ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করে।

১৯৭১ সালের ১ মার্চ থেকেই বাঙালির ধারাবাহিক স্বাধীনতা সংগ্রামের শেষ ধাপের প্রতিরোধের শুরু হয়।আর পেছনে ফিরে তাকানো কোনো অবকাশ খুঁজে পায়নি বাঙালি জাতি।