জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন মানুষের মাঝে স্বপ্ন পূরণের তাগাদা থাকে না। তবে শুধু স্বপ্ন দেখে বসে থাকলে হবে না। সেই স্বপ্ন পূরণে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয় মাঠে ‘নুরুন্নাহার স্মৃতি বৃত্তি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন,শিশুরা সব কিছু স্কুলে শেখে না। পরিবার থেকেও অনেক কিছু তারা শেখে। মূল্যবোধ, দেশাত্মবোধ মানুষের প্রতি মমত্ববোধ এবং গুরুজনের প্রতি কর্তব্যবোধ- এসব কিছু শিশুকে পরিবার থেকেই শিক্ষা দিতে হবে।খুদে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিতে হবে, বড় হয়ে তারা যেন বাবা-মাকে অবহেলা না করে। তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দেয়। তবেই শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে।