ওমরাহ হজ নিষিদ্ধ করলো সৌদি

করোনার ভয়ে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।
একে আরও বলা হয়, যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে সেসব দেশের পর্যটকদের জন্য ভিসা স্থগিত করা হয়েছে। ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে সৌদি আরব থেকে জিসিসি দেশগুলোতে যাতায়াতও স্থগিত করা হয়েছে।
প্রতি বছর ওমরাহ করতে সৌদি আরবে যান প্রায় ৭০ লাখ লোক। তাদের বেশির ভাগই অবতরণ করেন জেদ্দা ও মদিনায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩, কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪১, এয়ার এরাবিয়ার জি৯-৫১৮, সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৪৯ ফ্লাইটে প্রায় ৩ শতাধিক ওমরাহযাত্রীর জেদ্দা ও মদিনা যাওয়ার কথা ছিল। তবে সৌদি সরকারের হঠাৎ সিদ্ধান্তে তারা শাহজালালে এসে ভোগান্তিতে পড়েছেন।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ-আল-আহসান বলেন, ‘ওমরাহ যাত্রীরা সৌদিতে গিয়ে ঢুকতে পারবেন না বলে শুনেছি। তাই তাদের বাংলাদেশেই রাখা হচ্ছে।’
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি অন্তত ৪৩টি দেশেরও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছে ২ হাজার ৭৬৩ জন।