মেয়েরা বিশ্বকাপে খেলতে যাচ্ছে এটাই গৌরবের

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে। তবে ভালো প্রস্তুতি নিতে ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার পথে রওনা হবে সালমা-রুমানাদের দল।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ফটোসেশনে ছিলেন নাজমুল হাসান। ফটোসেশন শেষে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘দেশের প্রতিনিধি হিসেবে মেয়েরা অস্ট্রেলিয়ায় যাচ্ছে। তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। তবে আমি মনে করি, মেয়েরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটাই আমাদের জন্য গৌরবের।’
নাজমুলের বিশ্বাস, ভারতে সাম্প্রতিক সাফল্য অনুপ্রাণিত করবে মেয়েদের, ‘এখন পর্যন্ত মেয়েদের পারফরম্যান্সকে খুব ভালো বলা যাবে না, আবার খুব খারাপও বলা যাবে না। ওরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। সেটা অবশ্যই ভালো দিক। ওরা বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাসী। ভারতের টুর্নামেন্টের শিরোপা ওদের মনোবল বাড়িয়ে দিয়েছে।’
নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়ে বোর্ড প্রধান বলেছেন, ‘আমরা মেয়েদের সপ্তাহ দুয়েক আগে অস্ট্রেলিয়া পাঠাচ্ছি। ওখানে তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। আমরা যতটা পেরেছি করেছি, তবে আরও করতে পারলে ভালো হতো। এটা তো অস্বীকার করার উপায় নেই ছেলেদের যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়, সেটা ওদের (মেয়েদের) দিতে পারি না। তবে যত দ্রুত সম্ভব ওদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, নারী ক্রিকেটাররা আমাদের অনেক সাফল্য এনে দেবে।’
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ১৩ দিনের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারত, ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড এবং ২ মার্চ একই ভেন্যুতে সালমার দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

/