
রোহিঙ্গাদের সুরক্ষায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) সিদ্ধান্তের জন্য গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। পাশাপাশি বাংলাদেশের ভারতীয় সীমান্তে সে দেশের সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আজকের বৈঠকে আমরা গাম্বিয়াকে ধন্যবাদ জানিয়েছি এবং দেশটির সরকারকে অভিনন্দন জানাচ্ছি। তাদের উদ্যোগে আজকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) তাদের রায় দিয়েছেন, চারটি বিষয়ে মতামত দিয়েছেন। তারা মিয়ানমারকে বলেছেন যে, জেনোসাইড যেন আর না ঘটে। এজন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যেন খারাপ না হয় সেই ব্যবস্থা নিতে হবে। এই মামলার শুনানি ও মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া যে মামলা করেছে তার বিচারটা চলতে থাকবে।
গাম্বিয়াকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ রকম হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে স্থায়ী কমিটি।
