
গুলশান-বনানী-হাতিরঝিলের চেয়েও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)আওতাধীন ভাটারার বেরাইদ এলাকা হবে সুন্দর। প্রশস্ত করা হবে রাস্তা, উদ্ধার করা হবে দখল হওয়া খাল।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বেরাইদবাসীর কাছে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গণসংযোগের অংশ হিসেবে বেরাইদ মুসলিম হাই স্কুল মাঠে এক পথসভায় অংশ নেন আতিকুল ইসলাম। এসময় তিনি বলেন, আমার আগের নির্বাচনের প্রচারণার সময় এই এলাকায় এসেছিলাম। তখন ১০০ ফিট রাস্তা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। মানুষদের কি দুর্ভোগ হতো সেটি দেখেছি। বিগত নয় মাসে এখানকার রাস্তার অবস্থা এখন আগের যেকোনো সময়ের থেকে ভালো। তবে আরও ভালো করতে ডিএনসিসির নতুন এই ১৮টি ওয়ার্ডের জন্য চার হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ একনেকে পাস হওয়ার অপেক্ষায়।
এই ৪২ নম্বর ওয়ার্ডসহ নতুন ওয়ার্ডগুলোর উন্নয়নে নগর পরিকল্পনাবিদদের নিয়ে একটি মাস্টারপ্ল্যান করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়, এলজিইডি এর সঙ্গে কথা হয়েছে, এই এলাকার প্রতিটি রাস্তা চওড়া হবে, ড্রেন হবে, রাস্তায় বাতি থাকবে। কথা দিচ্ছি আমি মেয়র নির্বাচিত হলে এই এলাকা গুলশান-বনানী থেকে উন্নত হবে।
তিনি বলেন, হাতিরঝিলে অনেক খাল দখল হয়েছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। এই এলাকায়ও বেশকিছু দৃষ্টিনন্দন খাল আছে। সেগুলোকে উদ্ধার করে হাতিরঝিলের থেকে সুন্দর করা হবে। আপনাদের (বেরাইদবাসী) আর কষ্ট করে হাতিরঝিল যেতে হবে না। এটিই হবে হাতিরঝিল থেকে সুন্দর।
