
নগরের যেকোনো সমস্যা নিয়ে মেয়রের কাছে যেতে নাগরিকের জন্য নগর ভবনের দরজা সব সময় খোলা থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে ওলামা-মাশায়েখ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ‘শেখ ফজলে নূর তাপস’ এর মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। সভার আয়োজন করে বাংলাদেশ তরিকত ফেডারেশন।
শেখ ফজলে নূর তাপস বলেন, নির্বাচিত হলে পাঁচ বছরের পুরো সময় ঢাকাবাসীর জন্য নিবেদিত থাকবো। নগর ভবনের দরজা শুধু জাতীয় নেতাদের জন্য নয়,শুধু মন্ত্রী এবং সংসদ সদস্যদের জন্য খোলা থাকবে না,ঢাকাবাসীর সকল নাগরিকের জন্য খোলা থাকবে।এই শহর একটি অপরিকল্পিত নগরী। বায়ু দুষণসহ বিভিন্নভাবে এই শহর ভঙ্গুর অবস্থায় চলে যাচ্ছে।
শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকাকে এক সময় বলা হতো সিটি অব মস্ক। অর্থাৎ মসজিদের শহর। কিন্তু ঢাকা এখন এমন হয়ে গেছে সেই মসজিদের সৌন্দর্য স্বকীয়তা নেই। মসজিদ আছে কিন্তু চোখে পড়ার মতো না। সব জায়গায় এমনভাবে অপরিকল্পিতভাবে করেছে যে, অনুভূতি জাগ্রত করার বিষয় আর নেই। দ্বীন ও ইসলামকে জাগ্রত করার যে বিষয়টা সেটা থেকে আমরা সরে যাচ্ছি।সেই জায়গায় আমরা মনে করি আমাদের শুরু করতে হবে। একটা নবসূচনা আমরা যদি শুরু করি, আমাদের প্রিয় নেত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০৪১ সালে একটি উন্নত দেশ হবে। সেই উন্নত দেশের একটি উন্নত রাজধানী প্রয়োজন।
