আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

শেষ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন। শনিবার দিনব্যাপী চলবে কাউন্সিল অধিবেশন। সম্মেলনে পরবর্তী সভাপতি হচ্ছেন শেখ হাসিনা এটা নিশ্চিত।
জানা গেছে, সভাপতি পদে শেখ হাসিনাকেই অপরিহার্য মনে করছেন নেতাকর্মীরা। সে কারণে তিনিই নবম বারের মত সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন। তাছাড়া প্রতিবারের মত এবারো সাধারণ সম্পাদকসহ অনান্য পদে কারা আসবেন সেটা কাউন্সিলররা শেখ হাসিনার উপর ছেড়ে দেবেন। শনিবার বিকেলেই সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদগুলোর নাম ঘোষণা করা হবে।সবচেয়ে আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের বেশ কয়েকজন নেতা এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আলোচনায় রয়েছেন।
এর আগে বেলা তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চের পাশে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ও ওবায়দুল কাদের সাদা পায়রা উড়িয়ে দেন। আর পাশেই আলাদা মঞ্চে শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। প্রধানমন্ত্রীসহ অন্য নেতাকর্মী ও অতিথিরাও এতে সুর মেলান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় বসে গঠন করা দল নয়।আওয়ামী লীগ গ্রাম-গঞ্জের মানুষ নিয়ে গঠন করা দল। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই মানুষের উন্নতি হয়েছে। জাতির পিতা দরিদ্র মানুষদের জন্যই সারাজীবন সংগ্রাম করে গেছেন। এই দেশের মানুষ ছিলো দারিদ্রসীমার নিচে, একবেলা খাবার পেতো, চিকিৎসা পেতো না। জাতির পিতার লক্ষ্য ছিলো এই ধারা থেকে জনগণকে মুক্তি করার। তিনি কিভাবে দেশ স্বাধীন করেছেন এটা তার প্রতিটি বক্তব্যেই এসেছে।