অ্যাপিকটা অ্যাওয়ার্ডস বিজয়ীদের বেসিসের সংবর্ধনা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এর বিজয়ীদের সংবর্ধনা প্রদান করলো বেসিস। শনিবার সন্ধ্যায় রাজধানীর লেক শোর হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন পদক তালিকায় এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস-২০১৯ এ চীন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ম্যাকাও, ব্রুনাই-কে পেছনে ফেলে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন এবং পাঁচটি মেরিট পুরস্কার সহ মোট আটটি পুরস্কার অর্জন করে বাংলাদেশের প্রকল্পগুলো। এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটার এবারের আসরে চতুর্থ বারের মতো বেসিসের সার্বিক তত্ত্বাবধানে অংশ নেয় বাংলাদেশ।