সিলেট জেলা আলীগের নেতৃত্বে লুৎফর-নাছির

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট নাছির উদ্দিন খান।মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক জাকির হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন নেতৃত্ব ঘোষণা করেন।
কমিটির নেতাদের নাম ঘোষণার আগের তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করে এবং তারই নির্দেশনায় জেলা ও মহানগরের নতুন কাণ্ডারিদের নাম ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ থেকে কখনো কাউকে বাদ দেওয়া হয় না। কেবল নেতৃত্বের পরিবর্তন হয়। নতুন ও পুরাতনদের মিশেলে কমিটি দেওয়া হয়েছে।জেলায় সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মহানগরে সভাপতি পদে ৪ ও সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে বাদ পড়েছেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। দায়িত্ব পেয়েছেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন। আর সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনকে বাদ দিয়ে এই পদে চমক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক জাকির হোসেন।