
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিপিএলের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ০৮ ডিসেম্বর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বেশ জমকালো করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ বড় পরিকল্পনা হাতে নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৪টা থেকে সরাসরি সম্প্রচার করবে নিউজ টোয়েন্টিফোর।
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তিকাল হবে সাড়ে ৫ ঘণ্টা। ০৮ ডিসেম্বর মিরপুরের শেরে-বাংলা স্টেডিয়ামে অুনষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৪ টায় আর শেষ হবে রাত ১০টায়। গেট খুলে দেওয়া হবে দুপুর আড়াইটায় আর বন্ধ করে দেওয়া হবে সাড়ে ৫টায়।
উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সর্বোচ্চ মূল্য (ভিআইপি) ধরা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়া ৫ হাজার ও ১ হাজার টাকা মূল্যের টিকিটও থাকবে। শেরে-বাংলা স্টেডিয়াম চত্ত্বরে, শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে, গুলশান দুইয়ে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা, বনানীর ফাহিম মিউজিক ও গুলশান দুইয়ের ক্যাফে ইডেনে টিকিট ছাড়া হবে।
এছাড়া অনলাইন মাধ্যম সহজ ডট কম, পেপয়েন্ট ডট কম বিডি ও গ্যাজেটবাংলা ডট কম থেকেও টিকিট কাটা যাবে।
এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসবেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাশ খের। এছাড়া দেশি তারকাদের মধ্যে মমতাজ ও জেমসও থাকছেন।
