যুবলীগের নতুন কমিটি: চেয়ারম্যান পরশ,সম্পাদক নিখিল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির বড় ছেলে এবং পেশায় একজন শিক্ষক। আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ছিলেন। তারা আগামী তিন বছরের জন্য এই দুই পদের দায়িত্ব পালন করবেন।
শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশনে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হিসেবে এই দুজনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম শেখ ফজলে শামস পরশের নাম চেয়ারম্যান পদে প্রস্তাব করেন। সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সংগঠনের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তা সমর্থন করেন। চেয়ারম্যান পদে আর কারও নাম না থাকায় পরশকেই যুবলীগের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়।
নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ ফজলে শামস পরশ বলেন, আমি যুবলীগের সভাপতি হিসেবে নয়, যুবলীগের একজন কর্মী হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করব। আমার চেষ্টা থাকবে যুবসমাজ যেন ‘আই হেট পলিটিকস (আমি রাজনীতি ঘৃণা করি) এমন ধারণা থেকে বেরিয়ে এসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে দেশের কাজে নিজেদের নিয়োজিত রাখে।
পঁচাত্তর ট্র্যাজেডিতে বাবা-মাকে হারানো পরশ ধানমণ্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেয়ার পর দেশে ফিরে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতির মাঠে দেখা যেত না তাকে। এমনকি ছোট ভাই তাপসের নির্বাচনী প্রচারেও তাকে খুব একটা নামতে দেখা যায়নি। তবে ভাবমূর্তি সংকটে থাকা যুবলীগকে উদ্ধারে ফুপু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরশ এবার রাজনীতিতে সক্রিয় হলেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
সম্মেলন প্রস্তুতির জন্য যুবলীগের যে কমিটি হয়েছিল, তাতে আকস্মিকভাবে পরশের যুক্ত হওয়া দেখে সবার আলোচনায় আসে তার নামটি। সম্মেলন প্রস্তুতি দেখতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার যখন সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন, তখন তার সঙ্গে পরশ ছিলেন। একই দিন সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির বৈঠকে যোগ দিতে বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে তিনি গেলে কর্মীরা করতালি দিয়ে তাকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে আগাম শুভেচ্ছা জানায়।
এছাড়া সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক পদের জন্য ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হাসান খান নিখিলসহ সাতজনের নাম প্রস্তাব করা হয়। অন্যরা হলেন- সংগঠনের বিদায়ী কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সুব্রত পাল ও মনজুর আলম শাহিন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম এবং উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু। পরে তাদের নিজেদের মধ্যে সমঝোতা করে সাধারণ সম্পাদকের নাম চূড়ান্ত করার জন্য ২০ মিনিট সময় দেয়া হয়। তবে সমঝোতা না হওয়ায় উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেন। তার মতামত অনুসারে নিখিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।
যুবলীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক- মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক- আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।