পল্টন মোড়ে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

রাজধানীর পল্টন মোড়ে পুলিশ বক্সের সামনে থেকে একটি বোমাসদৃশ্য উদ্ধার করে তার বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরবর্তীতে খামারবাড়িতে একই ধরনের একটি বস্তু দেখতে পাওয়ায় তা ঘিরে আতঙ্ক তৈরি হয়।মঙ্গলবার গভীর রাতে এঘটনা ঘটেছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টন দেখে কৌতূহলী হন পুলিশ সদস্যরা। ওই কার্টনের ভেতর তার প্যাঁচানো একটি বস্তু দেখে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়।পরে তারা গিয়ে ওই বোমাসদৃশ্য বস্তু বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে কাছাকাছি সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের খামারবাড়ি প্রান্তে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একই ধরনের একটি জিনিস দেখা গেলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সদস্যরা গিয়ে ওই এলাকা ঘিরে রাখে। রাত দেড়টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেখানে কাজ শুরু করেন। রাত তিনটার দিকে ফেলে রাখা বোমাসদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করা হয়
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান,বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদার বলেন, বিস্ফোরণ ঘটিয়ে পল্টনে ও খামারবাড়িতে বোমাসদৃশ্য বস্তু দু’টিকে নিষ্ক্রিয় করা হয়। আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো ল্যাবে পাঠানোর পর পরীক্ষা-নিরীক্ষা করে কী ছিল তা জানা যাবে।
তিনি বলেন, জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য এ কাজ কেউ করতে পারে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
এদিকে পৃথক দুটি জায়গায় নিষ্ক্রিয় করা বস্তু দু’টিকে পুলিশ প্রাথমিকভাবে বোমা না বললেও বিস্ফোরণ ঘটানোর সময় বিকট শব্দ হয়েছে এবং অনেক দূর পর্যন্ত স্প্লিন্টার ছুটে গেছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।