
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি (রিশান ফারাজী) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ন কবির।
শুক্রবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিশান বরগুনার পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং এ মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীর ছোট ভাই। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ জুলাই সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত মিন্নিসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোরে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।এখন পর্যন্ত ১২ আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
