
ভোলার একটি বাড়ির পুকুরে দেখা যাচ্ছে আলোর ঝলকানি। রহস্যময় এ আলো কোথা থেকে পুকুরে এলো তা কেউ বলতে পারছে না। কেউ বলছে হীরার খনি, কেউ বলছে নাগ-নাগিনীর মাথার মণি। আবার কেউ বলছে হাজার বছর পুরোনো কোনো রাজপ্রসাদ জেগে উঠেছে, তার একটি বাতি জ্বলছে।এ রহস্যময় ঘটনা নিয়ে চলছে পুরো জেলাব্যাপী তোলপাড়। হাজার হাজার মানুষ ছুটছে সে দৃশ্য দেখার জন্য। ঘটনাটি ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গনি মিয়ার সেন্টার এলাকার হাতেম আলী হাওলাদার বাড়ির পুকুরে। বৃস্পতিবার রাত ১২টার পর থেকে ওই পুকুরের চারদিকে রয়েছে পুলিশ পাহারা।
বাড়ির মালিক মো. আল-আমিন বলেন, গত বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে বাড়ির গৃহবধূরা পুকুরে হাতমুখ ধুতে গেলে পুকুরের মাঝখানে একটি গোলাকার আলো দেখতে পায়। রাতে তাদের স্বামী বাড়ি ফিরলে ঘটনাটি খুলে বললে তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার সন্ধ্যার পর আলো আরও বেড়ে যায় এবং পুকুরের কিনারায় চলে আসে। তখন সবার চোখে পড়ে যায়। আলোর ব্যস হবে আনুমানিক ১/২ ফিটের মতো।
স্থানীয় বাসিন্দা আনিস হাওলাদার বলেন, আমার স্ত্রী গত মঙ্গলবার রাতে পুকুরে মাছ ধুতে গেলে সে আলো দেখে আমাকে বলে। কিন্তু আমি গুরুত্ব দেইনি। পরের দিন বুধবার সন্ধ্যায় বাড়ির অন্য গৃহবধূরাও আলো দেখে আমাদের বললে আমরা ভেবেছিলাম কেউ লেজার লাইট জ্বালাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় যখন আমরা পুকুরের কিনারে দেখলাম তখন বিশ্বাস করলাম।এটা আসলে কীসের আলো আমরা বুঝে উঠতে পারছি না। আলো দেখে অনেক লোকজন অনেক কথা বলে। কেউ বলে হীরার খনি, কেউ বলে সাপের মাথার মণি, কেউ বলে পুরোনো কোনো রাজমহল, আবার কেউ সাত রাজার ধন।
পুকুরে নামা দুইজন বলেন সেখানে কোনো একটা ঘরের মতো রয়েছে। ঘরের উপরে মিনারে মতো তারা অনুমান করেছেন। এছাড়াও তারা আরও বলেন, অনেক গভীর কোনো সুরঙ্গের মতো তারা অনুমান করছেন।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ বিষয়টি শুনতে পাই। পরে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেই। রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি জানতে পারি একটি রহস্যময় আলো জ্বলছে। সেখানে অনেক মানুষ রয়েছে। ঘটনা ঠিক কী আমরা বুঝে উঠতে পারছি না।
