‘বেনাপোল এক্সপ্রেস’ যাত্রা শুরু করল

উদ্বোধনের পর পরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বেনাপোল-ঢাকা রুটে দেশের প্রথম প্রতিবন্ধী বান্ধব আন্তঃনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’। এর আগে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশিতে ফু দিয়ে এবং সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী ট্রেন চলাচলের উদ্বোধন করেন।
ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন। এছাড়া রেলপথ উন্নয়নের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।
বেনাপোল এক্সপ্রেস উদ্বোধন উপলক্ষে সকাল থেকে বেনাপোলের বিভিন্ন এলাকা হতে শত শত লোক মিছিল নিয়ে বেনাপোল রেল স্টেশনে এসে জড়ো হয়। পুরো রেল স্টেশনটি জনসমুদ্রে রুপ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে করতালিতে ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রেল স্টেশন এলাকা। রেলওয়ে স্টেশন বর্ণিল সাজে সাজানো হয়। প্ল্যাটফর্মের ওপরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হরেক রকম ফুল দিয়ে গোটা ট্রেনটি সাজানো হয় নান্দনিক সাজে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ শওকত, বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আলী কদর সাগর ও বেনাপোল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী তনু আফসানা সাদ।
তারা নতুন এই ট্রেনটি উদ্বোধন করায় এলাকার জনসাধারণ ও ব্যবসায়ীদের পাশাপাশি দূরের যাত্রীদের সুযোগ-সুবিধার কথা জানান এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিমুখে তাদের ধন্যবাদ জানান। আগামীতে পদ্মাসেতু নির্মাণ হলে বেনাপোলে আরও একটি ট্রেন চলাচলের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে বেনাপোল বন্দরকে আরও আধুনিয়কায়ন করার কথাও বলেন প্রধানমন্ত্রী।