
বুড়িগঙ্গা নদীর দুই পাড় দখলমুক্ত করতে চতুর্থ ধাপের অভিযানে দুটি সাততলা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। চার দিন বিরতি দিয়ে মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় কামরাঙ্গীচরের খোলামোড়া খেয়াঘাটে অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে উচ্ছেদে কোনও ছাড় দেওয়া হবে না বলে জানায় কর্তৃপক্ষ।
উচ্ছেদ অভিযানের সময় বড় আকৃতির সাততলা ভবন দুটি ভাঙতে গিয়ে বিআইডব্লিউটিএর একটি এক্সেবেটর বিকল হয়ে পড়ে। এতেও থেমে থাকেনি উচ্ছেদ কার্যক্রম। অভিযান একটানা চলে বিকাল ৫টা পর্যন্ত। খোলামোড়া থেকে ফতুল্লার আলীগঞ্জ পর্যন্ত নদীর দুই তীরে এ উচ্ছেদ অভিযান চলবে আরও সাত কার্যদিবস।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, উচ্ছেদকৃত জায়গায় পুনরায় জরিপ শেষে নদীর সীমানা অংশে পড়া স্থাপনাগুলোও চিহ্নিত করে পর্যায়ক্রমে ভাঙার উদ্যোগ নেওয়া হবে। যারা প্রথম পর্যায়ে উচ্ছেদ চলাকালে সময় নিয়েও স্থাপনা অপসারণ করেনি আজ তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, যেকোনও মূল্যে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে।পুনঃদখলকারীদের কোনও ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি করেন তিনি
