
চলতি মাসেই রাজধানীতে শুরু করতে যাচ্ছে টিকিট সিস্টেম বাস। এর আওতায় সব বাস টিকিট সিস্টেমে চলবে। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটে চালু হবে এ সিস্টেম।
রোববার (৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বাস রুট রেশনালিজেশন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মেয়র সাঈদ খোকন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, মোহাম্মদপুর ঘাটারচর থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রুটের সব বাস এক কোম্পানি ও এক রুটের আওতায় এনে বাস পরিচালনার কার্যক্রম শুরু করা হবে। এরপর অন্য রুটে আরো ৫টি কোম্পানিসহ মোট ৬টি কোম্পানির আওতায় বাস পরিচালনা করা হবে।
প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহের মধ্যে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত মতিঝিল হয়ে যেসব বাস চলাচল করে সেগুলোর মালিকদের সঙ্গে সমন্বয় করে সব বাসকে এক রঙে আনার সিদ্ধান্ত নেওয়া হবে। এসব বাস টিকিটিং সিস্টেমে চলবে।
সাঈদ খোকন আরো বলেন, আমরা ইতোমধ্যে আজিমপুর, মতিঝিল ও উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করেছি। এতে আমরা দারুণ সাড়া পেয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি মাসের মধ্যেই পুরান ঢাকার বাবুবাজার থেকে আমুলিয়া মডেল টাউন, স্টাফ কোয়ার্টার ও রামপুরা ব্রিজ হয়ে মগবাজার পর্যন্ত চক্রাকার বাস চালু করা হবে।
